বিশ্বের প্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে পা রাখবেন একজন নারী নভোচারী। সাইন্স ও টেকনোলজি বিষয়ক রেডিও শো সাইন্স ফ্রাইডেতে এ তথ্য জানিয়েছেন নাসা প্রধান জিম ব্রাইডেন্সটাইন। কে হবেন সেই নারী নভোচারী তা এখনো চূড়ান্ত হয়নি।
তবে তিনি জানিয়েছেন, নাসার পরিকল্পনায় নারীরা খুব গুরুত্বপূর্ণ অবস্থানেই আছেন। পরবর্তী চাঁদ ভ্রমণেও একজন নারী নভোচারী থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে, আগামী ২৯ মার্চ দুই নারী নভোচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে কাজ করতে যাচ্ছেন।
ব্যাটারি বদলানোর পুরো একটি মিশন পরিচালনা করবেন নারী নভোচারী ক্রিস্টিনা কোচ ও অ্যানি ম্যাকক্ল্যেইন। এই কাজে তাদের সময় লাগবে ৭ ঘণ্টা। কাকতালীয়ভাবে পৃথিবী থেকে তাদের সহায়তাও দেবেন কানাডিয়ান স্পেস এজেন্সির নারী ফ্লাইট ডিরেক্টর ম্যারি লরেন্স ও ফ্লাইট কন্ট্রোলার ক্রিস্টেন ফ্যাসিওল। টেক্সাসে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টার থেকে দুই নভোচারীকে দিক নির্দেশনা দেবেন তারা।
এখন পর্যন্ত পরিচালিত সব স্পেসওয়াকেই হয় পুরুষ নভোচারীরা এককভাবে কাজ করেছেন নয়তো নারী-পুরুষ নভোচারীরা দলবদ্ধভাবে কাজ করেছেন। এবারই প্রথম এর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।
সূত্র: সিএনএন, টেকশহর