শিশুদের খাদ্যাভ্যাস: ছোট ছোট পদক্ষেপ

শিশুদের খাদ্যাভ্যাস: ছোট ছোট পদক্ষেপ

একটু বড় বাচ্চাদের জন্য, খাদ্য ও ওজন একটি সংবেদনশীল বিষয় হতে পারে। কারণ তাদের মধ্যে নিজেদের চেহারা নিয়ে বা তাদের দেখতে কেমন লাগে সে বিষয়ে উদ্বেগ কাজ করে।

যেটা কিনা তাদের আত্মসম্মানের ওপর বড় ধরণের প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে স্থূলতা এবং মানসিক স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে সংযুক্ত। একজন, স্থূল শিশু বিভিন্ন ধরণের মানসিক সমস্যা যেমন অতি উদ্বিগ্নতা এবং মন খারাপের মতো সমস্যায় তুলনামূলক বেশি ভোগে।

এই বয়সী শিশুদের সঙ্গে খাদ্য বিষয়ক কথোপকথন এমন হতে হবে, যেন তারা এটা না ভাবে যে, স্বাস্থ্যকর খাবার তার চেহারার সঙ্গে সংশ্লিষ্ট। তাদেরকে সুস্থ হওয়ার জন্য উৎসাহিত করুন, এই কারণে নয় যে তাদের চেহারায় কোন পরিবর্তন আনবে। বরং এই কারণে যে সুস্থ থাকলে তারা ভাল বোধ করবে।
 

ছোট ছোট পদক্ষেপ

শিশুদের খাদ্যাভ্যাস বিশেষজ্ঞ ডা. অ্যানা গ্রুম স্বীকার করেন যে, যেসব শিশু খাওয়ার ব্যাপারে বেশ অস্থির এবং উদাসীন তাদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এতোটা সহজ নয়।

তিনি বলেন, "শুরু থেকেই ছোট ছোট পরিবর্তন আনলে শিশুদের খাবার সময়ে তর্ক এড়ানোর চাপ কমবে।" "এটি গুরুত্বপূর্ণ যে শিশুরা পছন্দ করে এমন কিছু নিরাপদ খাবার তার থালায় রয়েছে এবং অল্প পরিমাণে হলেও সেই খাবারে নতুন কিছু আছে।" তিনি জানান।

বেলিন্ডা মোল্ড নামে এক মা এই পদ্ধতিটি তার তিন বছরের মেয়ের ওপর প্রয়োগ করে দেখেন যে, এটা তার মেয়ের খাদ্যাভ্যাস গড়ে তুলতে বেশ ভালভাবে কাজ করেছে। যেখানে তার মেয়ে আগে কেবল সসেজ এবং সেদ্ধ মটরশুঁটি খেত।

তিনি বিবিসির ভিক্টোরিয়া ডার্বিশায়ার প্রোগ্রামকে বলেন, "যদি আমরা তাকে অন্য কিছু খেতে দিতাম সে সেগুলো মেঝেতে ছুড়ে ফেলত নাহলে খাবার ফেলে চলে যেতো। কিছুই খেত না।"

কিন্তু তিনি তার মেয়েকে প্রতিদিন অল্প পরিমাণে হলেও নতুন খাবার দেয়ায়, এখন সে বলতে গেলে সবই খায়। মিসেস মোল্ড বলেন "আমি আমার মেয়েকে বলতাম, তুমি এটা মুখে নিয়ে খাবার চেষ্টা করে দেখ। যদি এটা তোমার ভাল না লাগে, তাহলে আমি তোমাকে অন্য কিছু দেয়ার চেষ্টা করবো।"

"এক্ষেত্রে আপনাকে নাছোড়বান্দা হতে হবে, তাই যদি শিশু আপনার খাবার শুরুতে প্রত্যাখ্যান করে, তাহলে আপনাকেও বার বার চেষ্টা করে যেতে হবে।"

সূত্র: বিবিসি বাংলা 

ছবি: GETTY IMAGES